পিরোজপুরে বড় বোনের কিডনিতে বাঁচল ছোট ভাইয়ের জীবন

পিরোজপুরে বড় বোনের কিডনিতে বাঁচল  ছোট ভাইয়ের জীবন

সংগ্রহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে তার বোন নারী ইউপি সদস্য নিজের কিডনি দান করেছেন। তিনি উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহসভাপতি হাসিনা বেগম (৪৫)। তার একটি কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১টায় ঢাকার শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম হাসিনার দেওয়া কিডনি ছোট ভাই হাসানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন।বর্তমানে ভাই ও বোন দুজনেই সুস্থ রয়েছেন।

 দুই সন্তানের জননী নারী ইউপি সদস্য হাসিনা বেগম বলেন, ‘আমার ছোট ভাই হাসানের একটি কিডনি অকেজো হয়ে পড়লে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে ভালো লাগছে। ভাই এখন আশঙ্কামুক্ত হয়ে সুস্থ রয়েছে।আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।’
 হাসিনা বেগমের স্বামী মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত সাত মাস পূর্বে হঠাৎ শ্যালক হাসান বিশ্বাসের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান, তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত প্রতিস্থাপন করা প্রয়োজন।

ভাইকে বাঁচাতে আমার স্ত্রী হাসিনা একটি কিডনি দিতে রাজি হয়।’

তিনি আরো বলেন, ‘আমার স্ত্রী নিজের একটি কিডনি ছোট ভাই হাসানকে দান করতে আমার মতামত চাইলে আমি রাজি হই। শেষে গত মঙ্গলবার দিনগত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল আমার স্ত্রী। বর্তমানে ভাই-বোন দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে।’