ওয়াশিংটন ডিসির রাস্তায় টহলে নামছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার রাতে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সঙ্গে ওয়াশিংটন ডিসি’র রাস্তায় টহল দেবেন। রাজধানীতে অপরাধ দমনে নতুন করে ঘোষিত একটি ফেডারেল অভিযানের অংশ এটি।
গত সপ্তাহে ট্রাম্প ১৯৭৩ সালের হোম রুল অ্যাক্ট ব্যবহার করে রাজধানীতে জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেন। এর ফলে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি)-কে ফেডারেল নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৮০০ পর্যন্ত সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার একটি রেডিও সাক্ষাৎকারে রেডিও হোস্ট টড স্টার্নসকে ট্রাম্প বলেন, “আমি আজ রাতে পুলিশ এবং অবশ্যই সামরিক বাহিনীর সঙ্গে রাস্তায় বের হব। আমরা একটা কাজ করতে যাচ্ছি। ন্যাশনাল গার্ড দুর্দান্ত – তারা অসাধারণ কাজ করছে।”
হোয়াইট হাউসের একটি নির্বাহী আদেশ অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ, খুন এবং ডাকাতির হার ছিল যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের চেয়ে বেশি। খুনের হার ছিল প্রতি ১ লাখ বাসিন্দায় ২৭.৫৪।
এক প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট বলেন, “ওয়াশিংটনে এখন একেবারে আইনহীনতার পরিস্থিতি তৈরি হয়েছে।”
ৎতিনি প্রতিশ্রুতি দেন, “রাজধানীর রাস্তাগুলো আবারও নিরাপদ করে তুলবেন।”
তবে এ সিদ্ধান্ত ডিসি’র স্থানীয় নেতাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে—ডিসি একটি প্রধানত ডেমোক্রেটিক শহর। মেয়র মুরিয়েল বাউজার এ পদক্ষেপকে "অস্বস্তিকর ও নজিরবিহীন" বলে আখ্যা দেন।
অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব আদালতে মামলা করেছেন, দাবি করে যে ট্রাম্প তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
বুধবার প্রকাশিত ওয়াশিংটন পোস্ট–শার স্কুলের এক জরিপে দেখা যায়, ডিসির প্রায় ৮০ শতাংশ বাসিন্দা এ ফেডারেল নিয়ন্ত্রণের বিরোধিতা করেছেন। তাদের অনেকেই বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এবং সেনাবাহিনীর বাড়তি উপস্থিতি তাঁদেরকে আরও অনিরাপদ মনে করাচ্ছে।
বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এক্স-এ পোস্ট করে জানান, ফেডারেল নিয়ন্ত্রণ শুরু হওয়ার পর থেকে ডিসিতে ৬৩০টি গ্রেপ্তার হয়েছে। তিনি লিখেছেন, “ডিসিকে আবারও নিরাপদ করে তোলার মিশন থেমে নেই।”
তবে বিতর্কিতভাবে এই বছরের শুরুতে এমপিডি রিপোর্ট করেছিল, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সহিংস অপরাধ ৩৫ শতাংশ কমেছে, যা তিন দশকের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন ন্যায়বিচার বিভাগ (ডিওজে) তদন্ত শুরু করেছে, এমপিডি অপরাধ পরিসংখ্যান বিকৃত করেছে কি না তা খতিয়ে দেখতে।
সূত্র: আরটি