ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ট্রান্সফরমার সংলগ্ন বাসায় আগুন লেগে যায়। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন মারা গেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন (২৮) শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে মেজবাহ উদ্দিন, তার বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা স্ত্রী সালমা বেগম (৫০) দগ্ধ হন।
দগ্ধদের স্বজনরা জানিয়েছেন, বাসাটির দ্বিতীয় তলায় পরিবারটি থাকে। আর বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে হঠাৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে পরিবারটির ৩ সদস্য দগ্ধ হন। ভোরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার গণমাধ্যমকে বলেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ ও মেজবাহর ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও পুড়ে গেছে।
তিনি আরও বলেন, সবার অবস্থায়ই গুরুতর। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।