ঢাবিতে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাদকের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘মাদকবিরোধী তারুণ্যের সমাবেশ’ শীর্ষক এক যুব সমাবেশ করেছে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং।
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ, চিকিৎসা ও রিকভারি কর্মসূচি গ্রহণের দাবি জানান।
সমাবেশে গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশন অন প্রিভেনশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি-২০২৫ ঘোষণাপত্র উপস্থাপন করেন ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মারজানা মুনতাহা।
ঘোষণাপত্রটি সর্বপ্রথম গত ১২ মার্চ ৬৮তম কমিশন অন নারকোটিক ড্রাগসের (সিএনডি) অধিবেশনে ভিয়েনা শহরে অনুষ্ঠিত ড্রাগ ফ্রি আমেরিকা ফাউন্ডেশনেট একটি সাইড ইভেন্টে ঘোষণা করা হয়।
সমাবেশে ইয়ুথ লিডার আবু ফয়েজ বলেন, ‘আমরা শুধু মাদকবিরোধী স্লোগানে বিশ্বাস করি না। আমরা চাই বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা, যা তরুণদের জীবন বাঁচাবে।’
শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, ‘মাদক থেকে মুক্ত থাকতে হলে আমাদের প্রয়োজন সহানুভূতিশীল চিকিৎসা, বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ এবং সবার অংশগ্রহণে গঠিত একটি সহনশীল সমাজ। এছাড়া মাদক মুক্ত সমাজ গড়ে তোলা দুঃসাধ্য।’
ইয়ুথ অ্যাকটিভিস্ট মাথরি সান বলেন, ‘মাদক সমস্যার সমাধান আর আবেগ দিয়ে নয়, হতে হবে গবেষণা-নির্ভর। কার্যকর উদ্যোগের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করতে পারব এবং আমরাই এই পরিবর্তনের দাবিদার।’
সমাবেশে ইয়ুথ ফোরাম জোর দিয়ে বলে, স্থানীয় উদ্যোগও এই বৈশ্বিক আন্দোলনেরই অংশ। এসময় তারা গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশনকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও বাস্তবায়ন করতে ফোরামটির নীতিনির্ধারক ও সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।