ছেলে শহীদ হওয়ার বছর ঘুরতেই চলে গেলেন বাবাও
জিয়াউল হক
জুলাই আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)।
রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিন বেলা ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, জিয়াউল হক বেশকিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৩ আগস্ট তার অস্ত্রোপাচার করা হয়।
এরপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন তিনি। সেখানেই রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চাকরিজীবনে বাংলাদেশ বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন জিয়াউল হক।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএর শিক্ষার্থী ছিলেন তিনি।