পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়
সংগ্রহীত ছবি
ময়মনসিংহের নান্দাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় খরচ দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফির বাইরে এ টাকা আদায়ের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আজ রবিবার (২৪ আগস্ট) নান্দাইল উপজেলা খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে পরীক্ষায় দায়িত্বরত ঈম্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের দুই শিক্ষক মুশফিকুর রহমান ও রফিকুল ইসলাম এ টাকা আদায় করেছেন বলে জানা গেছে।
পরীক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষা চলাকালে তাদের কাছ থেকে শিক্ষকরা টাকা তুলেছেন।
কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়া হতে পারে- এমন আশঙ্কায় টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় স্থানীয় খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে নান্দাইল সদরের সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে প্রায় ৯০০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কৃষি বিভাগে ৩১৯ জন অংশ নেয়।
প্রত্যেকের কাছ থেকে প্রতি বিষয়ের জন সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম ইসলাম বলেন, প্রথমে কিছু টাকা নিলেও পরে তা ফেরত দেওয়া হয়েছে। তাহলে টাকা আদায় করছিলেন কেন- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আনুষাঙ্গিক কিছু খরচের জন্য।’
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বুলবুল বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।
তবে টাকা আদায় করা অনৈতিক। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
নান্দাইল উপজেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভুইয়া বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষা বাবদ টাকা আদায় করা হচ্ছে- এমন কোনো তথ্য আমার জানা নেই। করে থাকলে খারাপ করেছে।