সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

ছবি : সংগৃহীত

পাবনার সাঁথিয়া পৌরসভাধীন বোয়াইলমারী ইছামতি নদীর ডাইকের শ্মশান ঘাটের মোড় থেকে বোয়াইলমারী অভিমুখে কোভিড ১৯ প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়া সত্বেও দায়িত্বরত কর্মকর্তারা ঠিকাদারের নিম্নমানের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ২০২৪-২০২৫ অর্থবছরের কাজ হলেও কোনো কাজই শেষ করতে পারে নাই ঠিকাদার। এসব গাফলতীর কারণ হিসেবে পৌরসভাকেই দুষছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে অভিযোগ রয়েছে ঠিকাদার পৌরসভার ইঞ্জিনিয়ারদের কোনো নির্দেশ মানেন না।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ১টি প্যাকেজে ৬৮ লাখ টাকার দুটি সড়ক নির্মাণের কাজের দায়িত্ব পায় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান এশিয়ান ডেভেলপমেন্ট। তার একটি কাজ বোয়াইলমারী শ্মশান ঘাট মোড় হতে বোয়াইলমারী পিয়াজ হাট অভিমুখে ইছামতি নদীর ডাইকের ওপর, অন্যটি ১নং ওয়ার্ডের ছেচানিয়াতে। 

সরেজমিন নির্মাণাধীন সড়কে গেলে দেখা যায়, কাজের শুরুতে কিছু ভালো ইট দিয়ে কাজ শুরু করলেও পরবর্তিতে পুরোটাই পোড়ামাটির মতো ইটের খোয়া দিয়ে ঢেলে রোলার করা হচ্ছে। একদিকে নিম্নমানের খোয়া অন্যদিকে এটার কোন নির্ধারিত সাইজ নেই। কোনটা ২,কোনটা ৩,আবার কোনটা ৪ ইঞ্চি সাইজের খোয়া দেয়া হচ্ছে। এ সময় গণমাধ্যম কর্মীরা স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা এই নিম্নমানের খোয়ার বিষয়ে অভিযোগ করেন।

বিষয়টি পৌর প্রশাসক সাদিয়া সুলতানাকে জানালে তিনি নিম্নমানের খোয়া অপসারণের প্রতিশ্রুতি দেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।