বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের (বিমান-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত বছরের ১৯ আগস্ট সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।

শেখ বশিরউদ্দীন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর গত ১৫ এপ্রিল এই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয় তাকে।