বাগেরহাটে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রকৌশলীর ওপর হামলা
ছবি : প্রতীকি
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তারেক আজিজ ও তার মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তারেক আজিজ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘটে বুধবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন ফকিরহাট মডেল থানার ওসি আ. রাজ্জাক।
এ দিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত আলীর নেতৃত্বে কয়েকজন তারেক আজিজের বাড়িতে গিয়ে তাকে টেনে বের করে বেধড়ক মারধর করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার মা রাফেজা বেগমকেও পিটিয়ে আহত করা হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তারেক আজিজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রকৌশলীর বাবা শেখ ওমর আলী ফকিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় তার ছেলের নতুন আইফোন ও স্ত্রীর গলার স্বর্ণের চেনও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা শওকত আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।