দাম্পত্য কলহ, ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ শারমিন আক্তার লিমা (২৬) ওই এলাকার আশিকুর রহমান শাওনের স্ত্রী।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য অনুযায়ী ওই গৃহবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ৮ বছর আগে শাওনের সাথে লিমার বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার বাবার বাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছি।