এবার ব্রাইটনের কাছে হারল ম্যানসিটি
ছবি: সংগৃহীত
প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় মৌসুমে ব্রাইটনের কাছে হারলো ম্যানচেস্টার সিটি। রবিবার আমেক্স স্টেডিয়ামে ২-১ গোলে হার পেপ গুয়ার্দিওলার দলকে আবারও মনে করিয়ে দিল-দাপট কমে আসছে সাবেক চ্যাম্পিয়নদের।
খেলার শুরুটা ছিল সিটির নিয়ন্ত্রণে। এরলিং হালান্ড প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন। ইংল্যান্ডে আসার পর মাত্র ১০০ ম্যাচে এটি তার ৮৮তম গোল। তবে সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি সিটি।
৬৭ মিনিটে ম্যাচের বাঁক বদলে যায়। বক্সের ভেতর মাতেউস নুনেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় ব্রাইটন। জেমস মিলনার সহজেই স্পটকিক থেকে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর থেকেই সিটি যেন খেই হারিয়ে ফেলে।
শেষ মুহূর্তে ব্রাইটন তুলে নেয় জয়। ৮৯ মিনিটে ফাঁকা রক্ষণ ভেদ করে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান ব্রাজান গ্রুদা। সেখানেই শেষ হাসি হাসে ব্রাইটন। এদিকে সিটির মৌসুমের শুরুটা আশানুরূপ নয়। উলভসকে ৪-০ গোলে হারানোর পর টানা দুই ম্যাচে হোঁচট। নিজেদের মাঠে টটেনহামের কাছে ২-০ ব্যবধানে হারের পর এবার ব্রাইটনের মাঠেও হাতছাড়া তিন পয়েন্ট।
অন্যদিকে ওয়েস্ট হ্যাম ম্যানেজার গ্রাহাম পটারের ওপর চাপ কিছুটা কমিয়েছে ৩-০ গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে। ম্যাচের শেষ ভাগে জারড বোয়েন, লুকাস পাকুয়েতা (পেনাল্টি) ও ক্যালাম উইলসনের গোল নিশ্চিত করে দলের প্রথম জয়। লিগের শুরুর দুই ম্যাচে হেরে ৮ গোল হজম করেছিল ওয়েস্ট হ্যাম, লিগ কাপ থেকেও বিদায় নিয়েছিল সপ্তাহের মাঝেই।
রবিবার রাতেই আরেক জমজমাট লড়াই- অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল, দুই দলকেই ধরা হচ্ছে শিরোপার বড় দাবিদার হিসেবে। আর অ্যাস্টন ভিলার মাঠে খেলতে নামবে ক্রিস্টাল প্যালেস।