তীব্র ঢেউয়ে বঙ্গোপসাগরের মোহনায় ডুবল ট্রলার, ১৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি মিজানের
প্রতিকী ছবি
বঙ্গোপসাগরের মোহনায় ভোলার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৮ জন জেলের মধ্যে ৭ জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ মিজানুর রহমান ভোলার চরফ্যাশন উপজেলার হাজিরগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। ডুবে যাওয়া ট্রলার মালিক ও মাঝি-মাল্লাদের সকলের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
চরফ্যাশনের সামরাজ মাছ ঘাটের আড়ত মালিক মো. আলাউদ্দিন জানান, গত শুক্রবার বিকালে খোরশেদ মাঝির ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। সোমবার রাত ১১টার দিকে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে কালকিনির জাগনার চরের পাশের সাগর মোহনায় ট্রলারটির ডুবে যায়।
এ সময় থাকা ৮ জনের মধ্যে ৭ জনকে উদ্ধার করে পাশে থাকা অন্য ট্রলার। তবে মিজান নামের একজন নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, নিখোঁজ জেলে মিজানকে উদ্ধারে কোস্টগার্ড, মৎস্য অফিসসহ স্থানীয়রা চেষ্টা চালাচ্ছেন।
তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।