শাকিবের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন অপু সঙ্গে থাকছে জয়
শাকিবের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন অপু সঙ্গে থাকছে জয়। ছবিঃ সংগৃহীত
এবার বড় ছেলে আব্রাম খান জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন অপু বিশ্বাস।তিনি জানান শাকিব খানের সঙ্গে আলাপ-আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছেলে জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’ তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করালেও সেখানেই শাকিব খানকে নিয়ে স্থায়ী ঠিকানা গড়বেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপু।
এর আগে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি। এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয় শাকিবের দুই সন্তান জয় ও বীর। নানা নেতিবাচক ঘটনার রেষে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন অপু বিশ্বাস।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। তখন থেকেই ছেলেকে সেখানে ভর্তি করানোর ইচ্ছা পোষণ করেন।