বিরামপুরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের শালবাগান এলাকায় কালি মন্দিরের পাশে বন বিভাগের পুকুরপাড় থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের চরকা এলাকায় বন বিভাগের অফিসের পাশের পুকুরপাড় থেকে এটি উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা গ্রেনেডটিকে এক নারী প্রথমে খেলনা ভেবে লাথি দেন। পরে কয়েকজন শিশু সেটি হাতে নিয়ে খেলতে থাকে। স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।