সীমান্ত দিয়ে ২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ

সীমান্ত দিয়ে ২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ

ছবি : সংগৃহীত

ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করায় দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার মধ্যরাতে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে তাদের ফেরত দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান।

হস্তান্তর করা দুই নারী হলেন- খুলনা জেলার হরিংডাঙ্গা থানার ভাদুরী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বলেন, বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বৃহস্পতিবার পরশুরাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশি দুই নারীকে হস্তান্তর করার সময় ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের এসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।