সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, নিহত ২

সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, নিহত ২

ফাইল ছবি এএসপি

সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমও এ হামলার খবর প্রকাশ করেছে। তবে কারা এর পেছনে রয়েছে তা উল্লেখ করেনি।

এএফপির একজন সংবাদদাতা বিমানবন্দরের কাছে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখতে পাওয়ার কথা জানিয়েছেন, যার চারপাশে বিস্ফোরকের ধাতব টুকরা ছড়িয়ে ছিল।

এ ছাড়া সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের পথে একটি বেসামরিক গাড়িকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি অন্তত একজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আলি আল-ইউসুফ এএফপিকে বলেন, গাড়িতে থাকা দুজন নিহত হয়েছেন।

এদিকে কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোট সিরিয়ায় বারবার ড্রোন হামলা চালিয়েছে। তবে এ হামলা নিয়ে তাদের কারো পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। এই জোট প্রায়ই সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।

গত আগস্টে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আতমেতে জোট বাহিনী আইএসের এক শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করেছে।