জাতিসংঘ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে: গোয়েন লুইস
সংগৃহীত
জাতিসংঘ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের পক্ষে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে নির্বাচন, চলমান সংস্কার কর্মসূচি, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রয়েছে। তিনি এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনকে জাতিসংঘের চলমান সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উভয় পক্ষই একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন কর্মসূচির বিষয়েও আলোচনা হয়। গোয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে স্বাগত জানান এবং এসব উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দেন।
এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এই মাসের শেষদিকে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলন নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই আন্তর্জাতিক সহায়তা ও সংহতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা তহবিলের ঘাটতি দিন দিন বেড়েই চলেছে, যা এ সংকটকে আরও জটিল করে তুলছে।
বৈঠকের শেষভাগে গোয়েন লুইস বাংলাদেশের সার্বিক অগ্রগতি, উন্নয়ন ও রূপান্তরের প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশের টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে পাশে থাকবে।
সাক্ষাৎটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং উভয় পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বাসস