মাগুরায় প্রথম স্ত্রীর দেওয়া আগুনে দগ্ধ স্বামী, তৃতীয় স্ত্রী ও সন্তান
ফাইল ছবি
মাগুরার শ্রীমন্তপুর গ্রামে তৃতীয় স্ত্রীর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্বামী, তৃতীয় স্ত্রী ও তাঁদের ১০ মাস বয়সী শিশু সন্তান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন বাহারুল ইসলাম (৫০), তার তৃতীয় স্ত্রী লাভলী খাতুন (৩০) এবং তাঁদের শিশু সন্তান রোহান। প্রথমে তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহারুল ইসলাম তিনটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রী বর্তমানে আলাদা থাকেন। শুক্রবার রাত ১টার দিকে প্রথম স্ত্রী সুমি খাতুন বাহারুল ও তাঁর পরিবারের থাকার ঘরের দরজায় বাইরে থেকে সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
ঘরে থাকা বাহারুল, তৃতীয় স্ত্রী ও শিশু সন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, দগ্ধ তিনজনের অবস্থাই গুরুতর। বিশেষ করে বাহারুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনার পর অভিযুক্ত সুমি খাতুন হাজিপুর পুলিশ ফাঁড়িতে আত্মসমর্পণ করেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।