মহেশখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মহেশখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সংগ্রহীত ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হায়দার দীর্ঘদিন আত্মগোপনে থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে মাতারবাড়ির প্রধান সড়কে চলমান সংস্কার কাজ পরিদর্শনে যান চেয়ারম্যান আবু হায়দার।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিগত সরকার পরিবর্তনের পর দায়ের হওয়া তিন মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আবু হায়দারের ছোট ভাই এস এম তৌকী বলেন, ‘আমার ভাই জাইকার অর্থায়নে মাতারবাড়ির প্রধান সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তিনি বরাবরই সাধারণ মানুষের পাশে থেকে অবকাঠামো উন্নয়নে কাজ করে গেছেন।

আমার ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। আমরা এসব মামলা প্রত্যাহারের দাবি জানাই।’

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।