চবি নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন জামায়াত নেতা

চবি নিয়ে বিতর্কিত মন্তব্য, পদ হারালেন জামায়াত নেতা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক দাবি করে বিতর্কিত মন্তব্য করার পর হাটহাজারী উপজেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের নির্দেশনা এবং জেলা আমির মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সিরাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, সিরাজুল ইসলামের বক্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং এটি জামায়াতের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই তাকে হাটহাজারী উপজেলা আমীরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম পরস্পর পরিপূরক এবং ভবিষ্যতেও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

সিরাজুল ইসলাম সম্প্রতি জোবরা গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, তা আমরা মেনে নেব না। আমাদের সম্মান করতে হবে।’

যদিও এ বিতর্কের পর শনিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে ক্ষমা চেয়ে লিখেছেন, বক্তব্যের কিছু অংশ অনেকের কাছে ভুলভাবে উপস্থাপিত হতে পারে। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।