খুলনায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে নারীর মৃত্যু
ছবি : প্রতীকি
খুলনার দাকোপ উপজেলায় জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে গরুতে ধানক্ষেত নষ্ট হওয়াকে কেন্দ্র করে রেখা রানী মণ্ডল (৪২) নামের এক নারী প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছেন। নিহত রেখা রানী মণ্ডল দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেখা রানী মণ্ডলের গরুর একটি বাছুর পাশের মিলন গোলদারের ধানখেতে ঢুকে ধান খাচ্ছিল। এ সময় রেখা রানী গরুটি তাড়াতে গেলে মিলন গোলদার তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করতে থাকেন। তার চিৎকার শুনে স্বামী বিষ্ণুপদ মণ্ডল ঘটনাস্থলে এসে দেখেন, রেখা রানীর নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। নাড়াচাড়া করে দেখা যায়, রেখা রানী ঘটনাস্থলেই মারা গেছেন।
স্থানীয়দের ধারণা, জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’