বিএনপি নেতাকে অপহরণ, পরে উদ্ধার
প্রতিকী ছবি
খুলনা জেলার রূপসা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি নেতা সাব্বির হোসেনকে অপহরণরে পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি অজ্ঞান ছিলেন।
সাব্বির হোসেন রূপসার মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য।
অপহৃত বিএনপি নেতার ভাইয়ের ছেলে মাফুজুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় ভ্যানে মোকামপুর বাজারে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সেখান থেকে তুলে নিয়ে আজগড়া গ্রাম এলাকায় নিয়ে বেদম মারধর করে অজ্ঞান করে ফেলে রাখে। তাকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে পুলিশি তৎপরতা শুরু হয়।
পরে তাকে স্থানীয় লোকজন রাস্তার ওপর পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাফুজুর রহমান আরো বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ কর্মী মেহেদী হাসান গত শুক্রবার আমার চাচাকে বিভিন্নভাবে হুমকি দেয়। যা নিয়ে ফেসবুকে লাইভও করে আওয়ামী লীগ কর্মী মেহেদী।
এর জের ধরে তাকে অপহরণ করা হতে পারে বলে আমরা মনে করছি। চাচা এখনো অজ্ঞান অবস্থায় রয়েছেন। তার জ্ঞান না ফিরলে প্রকৃত কারণ জানা যাচ্ছে না।’
এ বিষয়ে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। পরে আজগড়া থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পরিবারে সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।