ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাছির
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অসত্য অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।
আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
এবার ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। তবে বিভিন্ন পদের মধ্যে মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৫ ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়ছেন।
এর বাইরে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন লড়ছেন।