শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
বগুড়ার শেরপুরে নিখোঁজের ৯ দিন পর অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিকের (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়া তালপুকুর এলাকার একটি জলাশয় থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু বক্কর উপজেলার গোসাইবাড়ি কলোনির বাসিন্দা।
সম্প্রতি তার অটোরিকশায় নতুন ব্যাটারি লাগানোর পরই তিনি নিখোঁজ হয়েছিলেন। স্বজন ও স্থানীয়দের ধারণা, সেই ব্যাটারির জন্যই তাকে হত্যা করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই আবু বক্করকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।