সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক
সংগ্রহীত ছবি
গাজীপুরের কালিগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক ঢাকার ডাক পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ও কালিগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি মো. জাকারিয়া আল মামুন(৩৫)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার জামালপুর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জাকারিয়া আল মামুন কালিগঞ্জের জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
আহতের পরিবার জানায়, সম্প্রতি জামালপুর গোদারাঘাট এলাকায় মাদক কারবারি নিয়ে একটি প্রতিবেদনের কাজ করছিলেন তিনি।
এই অনুসন্ধানের জেরে কিছু সন্ত্রাসী রাস্তায় পেয়ে মামুনকে লাঠি ও রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আলাউদ্দিন বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মামুনকে দেখে এসেছি। ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।