পপকর্ন কি আদৌ স্বাস্থ্যকর?
ছবি: সংগৃহীত
তেল-মসলাদার স্ট্রিট ফুডের চাইতে পপকর্নই বেশি ভালো। এমনটাই মত অনেকের। সিনেমা দেখতে গেলে বেশিরভাগ মানুষ তাই পপকর্ন খেতে ভালোবাসেন। কেউবা কাজ শেষে বাড়ি ফেরার পথে খিদা মেটাতে খান খাবারটি। তেলঝোল না থাকায় একে স্বাস্থ্যকর খাবারের তালিকাতেই রাখা হয়। কিন্তু আসলেই কি পপকর্ন স্বাস্থ্যকর? কী বলছেন পুষ্টিবিদ?
পপকর্ন বালিতে ভাজা হয় বলেই আপাতদৃষ্টিতে একে স্বাস্থ্যকর মনে হয়। তবে পুষ্টিবিদদের মতে, ক্যালোরির বিচারে একে নিরীহ ভাবা চলবে না। মসলাবিহীন পপকর্নে খুব বেশি ক্যালোরি থাকে না। কিন্তু একমুঠো ক্যারামেল বা চিজ পপকর্নের ক্যালোরি প্রায় ১৫০-১৭০।
এছাড়াও পপকর্নে ফাইবারের পরিমাণ অনেক বেশি। হজম করাও কঠিন। যাদের পেটের সমস্যা রয়েছে, তাদের জন্যও খাবারটি খুব বেশি নিরাপদ নয়। শুকনো খোলায় বা বালিতে ভাজা পপকর্নে ফ্যাট নেই বললেই চলে।
ওজন নিয়ন্ত্রণে রাখার ডায়েটে কি পপকর্ন রাখা যায়?
ওজন কমানোর মিশনে পপকর্ন রাখতে পারেন তবে শর্ত আছে। পপকর্ন ভাজতে হবে তেল, মাখন ছাড়া। লবণ, মসলাও দিতে হবে সামান্য। স্বাদ বাড়াতে পপকর্নের সঙ্গে চিজ, চকোলেট বা গলানো চিনি— কিছু মেশানো যাবে না।