জার্মান জোট সরকারের দলগুলো জনসমর্থন হারাচ্ছে
ফাইল ছবি এএফপি
জার্মানির ক্ষমতাসীন জোটে থাকা দলগুলো তাদের দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই জনসমর্থন হারাচ্ছে। জার্মান গণমাধ্যম বিল্ড আম সনটাগ সংবাদপত্রে প্রকাশিত একটি জরিপে এই তথ্য পাওয়া গেছে। জনপ্রিয়তায় শীর্ষে চলে এসেছে অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড (এএফডি)।
আইএনএসএ মতামত গবেষণা ইনস্টিটিউট ৮-১২ সেপ্টেম্বর এই জরিপ পরিচালনা করে।
জরিপে অংশ নেওয়া এক হাজার ২০৪ জনকে প্রশ্ন করা হয়েছিল, এই রবিবার (১৪ সেপ্টেম্বর) ফেডারেল নির্বাচন হলে তারা কোন দলকে ভোট দিতে চান।
জরিপের ফলে দেখা গেছে, চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎসের মধ্য ডানপন্থী খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়নের (সিডিইউ) জনসমর্থন রেটিং আগের সপ্তাহের তুলনায় ১ শতাংশ কমে ২৫ শতাংশে চলে এসেছে।
অন্যদিকে কট্টর ডানপন্থী দল এএফডির জনসমর্থন আগের সপ্তাহের মতোই ২৫ শতাংশই রয়েছে। অর্থাৎ জরিপের রেটিংয়ে এখন এএফডি ও সিডিইউ যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে।
জার্মান জোট সরকারের আরেক অংশীদার মধ্য বামপন্থী সামাজিক গণতন্ত্রী দলও (এসপিডি) জনসমর্থনে এক পয়েন্ট হারিয়ে ১৪ শতাংশে নেমে এসেছে।
জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের নিম্নকক্ষে প্রতিনিধিত্বকারী অন্য দলগুলোর রেটিংয়ে কোনো পরিবর্তন হয়নি।
স্থানীয় নির্বাচনে জোট সরকারের প্রথম পরীক্ষা
১৪ সেপ্টেম্বর জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ-রাইন ওয়েস্টফালিয়াতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক বিশ্লেষকই এই নির্বাচনকে সিডিইউ-এসপিডি জোট সরকারের প্রথম পরীক্ষা হিসেবে দেখছেন।
রাজ্যটিতে কোলন, ডুসেলডর্ফ ও ডর্টমুন্ডের মতো শহুর রয়েছে এবং এক কোটি ৮০ লাখ বাসিন্দার আবাসস্থল এটি।
১৪ সেপ্টেম্বরের নির্বাচনে শহর ও পৌর কাউন্সিল, কাউন্টি কাউন্সিল, মেয়র ও জেলা প্রশাসকদের পদে ভোট নেওয়া হবে। প্রায় ২০ হাজার আসন রয়েছে এসব কাউন্সিলে।
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হেন্ড্রিক ভ্যুস্ট ও তার রাজ্য সরকারের জন্যও একটি বড় পরীক্ষা এটি। সিডিইউ দলের নেতা ভ্যুস্ট ২০২২ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে জোট করে রাজ্যটি পরিচালনা করছেন।
ভ্যুস্টকে বর্তমান সিডিইউ প্রধান মেৎসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
নির্বাচন পূর্ববর্তী মতামত জরিপগুলোতে গেলসেনকির্শেন ও ডুইসবুর্গের মতো কিছু এলাকায় কট্টর ডানপন্থী এএফডির উত্থানের পূর্বাভাস পাওয়া গেছে।