শ্রীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

শ্রীপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাব এলাকায় বিষাক্ত সাপের ছোবলে রিমা আক্তার (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

নিহত রিমা আক্তার (২৩), গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাব এলাকার ফিরোজ আহম্মেদের মেয়ে। তিনি গৃহিনী ছিলেন।

নিহতের চাচা মানিক মিয়া জানান, প্রতিদিনের মতো রাতে ঘরের ভেতর খাটের উপর ঘুমিয়ে ছিল রিমা আক্তার। একপর্যায়ে রাত ২টার দিকে একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। একটু ব্যথা অনুভব করে তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকে আবারও সাপে ছোবল দেয়।

এ সময় তিনি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে ঘরের লাইট জ্বালালে ঘরের ভেতর একটি বিষাক্ত সাপ দেখা যায়। এক পর্যায়ে রিমা আক্তারকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সাপের অ্যান্টিভেনম না থাকায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।