নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা সেই যুবক গ্রেপ্তার

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা সেই যুবক গ্রেপ্তার

প্রতিকি ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম মিজানুরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। 

তিনি আরও বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মিজানুরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।