ওষুধ ভেবে হারপিক খেয়ে বৃদ্ধার মৃত্যু
প্রতিকী ছবি
রাজশাহীর দুর্গাপুরে ওষুধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে মোতাহারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝালুকা ইউপির কাঁঠালবাড়িয়া গ্রামে। (১৭ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, মোতাহারা বেগম বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের বাসিন্দা।
তার কোনো ছেলে সন্তান না থাকায় পালাক্রমে দুই মেয়ের বাড়িতে থাকতেন। এক মাস পূর্বে দুর্গাপুরে বসাবাররত তার মেয়ে মতিয়ারা বেগমের বাড়িতে আসেন। বৃদ্ধা মোতাহারা বেগম বিভিন্ন রোগবালাইয়ে আক্রান্ত ছিলেন। বিশেষ করে তিনি দু’চোখে ভালো দেখতে পেতেন না।
এমত অবস্থায় সবার অগোচরে সেই বৃদ্ধা (১৬ সেপ্টেম্বর) খাবার ওষুধ মনে করে টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হারপিক পান করেন। এসময় যন্ত্রণায় সেই বৃদ্ধা ছটফট করতে থাকেন। পরে তার মেয়ে দেখতে পেয়ে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।