চকরিয়া মহাসড়কে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া মহাসড়কে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহী নিহত

সংগ্রহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩২)। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকজনের একটি ডাকাতদল মহাসড়কে আগে থেকে ওৎ পেতে রশির ফাঁদের ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় আরোহীদেরকে বেধড়ক পিটিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায় সশস্ত্র ডাকাতেরা।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। এ সময় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।