দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস

দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস

ফাইল ছবি

দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে চারটি বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর প্রভাব এখন বেশ সক্রিয়। এর একটি অংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগরের দিকে।

এ কারণে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা দেখা যাচ্ছে। এর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বা ভারী বর্ষণও হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এসব এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাতের ধারা আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত চলতে পারে। এরপর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে।

দেশের অনেক জায়গায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই নাগরিকদের সাবধানতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় না যাওয়ার এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।