গাইবান্ধায় নিজেই নিজের গলা কাটলেন বিধবা

গাইবান্ধায় নিজেই নিজের গলা কাটলেন বিধবা

প্রতিকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে বিধবা শাহিনা বেগম (৪৫) আত্মহত্যা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এমন নৃশংস মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামে। 

স্থানীয়, পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত আজিল হকের স্ত্রী শাহিনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন বাসাবাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তার স্মরণশক্তির সমস্যা দেখা দেয়।

এ কারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। 

অন্যদিনের মতো ঘটনার রাতে খাবার শেষে শাহিনা বেগম তার শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে ঘরের দরজা ভেঙে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় তার মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

হোসেনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনোয়ারুল ইসলাম জানান, ওই বিধবা নারীর মাথায় সমস্যা ছিল। মস্তিষ্ক বিকৃতির কারণে তিনি সবার অজান্তে ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা।

তাই থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরিবার কিংবা কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।