গাইবান্ধা কারাগারে হাজতির মৃত্যু
প্রতিকি ছবি
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। মুন্না ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়া এলাকায় বসবাস করতেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান।
তিনি বলেন, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার সঙ্গে কারাগারে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। পরিবারের দাবি, তাকে কৌশলে হত্যা করা হয়েছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, আবু বক্কর সিদ্দিক মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পোস্টমর্টেম ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে