জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ

জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠালো ডাক বিভাগ

সংগৃহীত ছবি

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন ভুক্তভোগী গ্রাহক। অবশেষে প্রেরকের কাছ থেকেই সরাসরি চিঠিটি হাতে পান তিনি।

ভুক্তভোগীর নাম গোলাম মোস্তফা মন্টু। তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোলাম মোস্তফা মন্টু বলেন, গত এপ্রিল মাসে অসুস্থ হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় আয়কর বিভাগের আইনজীবী এফ. কে. এম. লুৎফর রহমান তার কাছে একটি চিঠি পাঠান। খামের ওপর ঠিকানার সঙ্গে তার মোবাইল নম্বরও লেখা ছিল। কিন্তু ডাক বিভাগ কোনোভাবেই যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। খামের ওপর লাল কালিতে লিখে দেওয়া হয়— ‘প্রাপক মৃত্যুবরণ করায় ফেরত’।

তিনি আরও বলেন, রোববার ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে তিনি আমাকে ফেরত আসা চিঠিটি দেখান। বিষয়টি দেখে আমি সত্যিই হতবাক হয়েছি।

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ায়। ওই রুটে চিঠি বিলি করেন ডাককর্মী আমিনুল ইসলাম।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, উনি জীবিত আছেন কি না, তা আমি নিশ্চিত ছিলাম না। ফেসবুকে তার মৃত্যু সংবাদ দেখেছিলাম। তাই চিঠিটি ফেরত পাঠিয়েছি।