বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২২ প্রার্থী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২২ প্রার্থী

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদকসহ (জিএস) বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

কমিশন কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা যায়, শাহজালাল হলে রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তার বিপরীতে কোনো প্রার্থী ছিল না। এ ছাড়াও মেয়েদের হলের মধ্যে বিজয় ২৪ হলে ১ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১১ জন, প্রীতিলতা হলে ২ জন ও শামসুন্নাহার হলে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, যাদের বিপরীতে কোনো প্রার্থী নেই, তারা নিঃসন্দেহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আমরা এটা ঘোষণা করতে পারছি না। কেউ যদি তার প্রার্থিতা বাতিল না করে, তাহলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। অন্যথায় ফলাফল ভিন্ন হতে পারে।

চাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।

কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া ১৪টি আবাসিক হল ও ১টি হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। এ ছাড়া ১২ অক্টোবর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।