বাংলাদেশকে আমরা সম্মান করি: ভারতের কোচ
সংগৃহীত ছবি
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ধারাবাহিকভাবে ভালো সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট বাংলাদেশ দলের প্রতি সমীহ প্রকাশ করেছেন। তিনি বলেন, পাকিস্তান ম্যাচে আমরা কিছুটা এলোমেলো খেলেছি। ভিডিও বিশ্লেষণ করে দেখেছি কোন জায়গায় আরও উন্নতি করা যেত। তাই বাংলাদেশ হোক বা অন্য কোনো দল, আগামীকাল মাঠে যারা নামবে তারা সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে। আমরা বাংলাদেশকে সম্মান করি, তারা এখন উন্নতির পথে এবং টি-টোয়েন্টির নতুন ধাঁচে খেলার চেষ্টা করছে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
ডেসকাট বিশেষভাবে মোস্তাফিজুর রহমানকে প্রশংসা করেছেন। চলতি এশিয়া কাপে তিনি ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
ডেসকাট বলেন, মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, তিনি দীর্ঘ সময় ধরে খুব দক্ষভাবে খেলছেন। আন্তর্জাতিক পর্যায়ে এত দিন ধরে ভালো পারফর্ম করা এবং আইপিএলেও সাফল্য পাওয়া সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের দলে অনেক ভালো খেলোয়াড় আছে, এবং মোস্তাফিজ সম্ভবত তাদের সেরা বোলারদের একজন।