ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমসের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমসের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি দেশি ও বিদেশি সিগারেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন হোলসেল দোকানে অভিযান ও তল্লাশি চালানো হয়।

অভিযানকালে নকল ব্যান্ডরোল যুক্ত মেসি, পদ্মা, হলিডে আজ, টি-টোয়েন্টি সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। সর্বমোট ২০,০০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।