ভারতীয় দলে নতুন দায়িত্বে জাদেজা
ছবি: সংগৃহীত
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টেস্ট সিরিজে নেই ঋষভ পন্ত। তার অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আগের মতোই দলের নেতৃত্বে থাকছেন ওপেনার শুবমান গিল। এবার তার ডেপুটি হিসেবে থাকছেন জাদেজা।
দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার ও অভিমন্যু ঈশ্বরন। তাদের জায়গায় দলে এসেছেন দুই নতুন মুখ। অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও বাঁহাতি ব্যাটার দেবদূত পাডিক্কাল। পেস বোলিংয়ে থাকছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। স্পিন বিভাগে আছেন জাদেজা ছাড়াও কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।
উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল ও নারায়ণ জাগদেসান। সম্ভাব্য একাদশে জুরেলই হবেন প্রথম পছন্দ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর, আহমেদাবাদে। দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর, দিল্লিতে।
এই সিরিজ ভারতের জন্য চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের দ্বিতীয় সিরিজ। এখন পর্যন্ত তারা পেয়েছে ৪৬.৬৭ শতাংশ পয়েন্ট, টেবিলে আছে তিন নম্বরে। শীর্ষে আছে অস্ট্রেলিয়া ও দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদিপ যাদব, নারায়ণ জাগদেসান (উইকেটরক্ষক)।