অগ্রিম রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা বাতিল
ছবি: সংগৃহীত
রফতানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এর ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রফতানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।
এক্ষেত্রে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে রফতানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা বৈধ চুক্তি থাকতে হবে, পূর্ববর্তী রফতানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং অর্ডার বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।
ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত রফতানিকারকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। এতে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও অর্ডার বাস্তবায়ন আরও সহজ হবে। একইসঙ্গে ব্যাংকের তদারকি বজায় থাকায় নিয়ম-নীতি মেনে চলাও নিশ্চিত হবে।