শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা খারিজ
ছবি: সংগৃহীত
প্রথম নির্মাণ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। ঠিক তখন মন খারাপ করা খবর। সিরেজের মাধ্যমে মানহানি ও ভারতের প্রচলিত আইন ভঙ্গের অভিযোগ আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে।
‘ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তার। তাঁকে ঘিরে সামাজিকমাধ্যমে মিমস ভিডিওতে সয়লাব। তিনিও কম যাননি। শাহরুখের নামে দিয়েছেন ২ কোটি রুপির মানহানির মামলা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে সামীর ওয়াংখেড়ের দায়ের করা মানহানির মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ওয়াংখেড়ে নেটফ্লিক্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্টসহ একাধিক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন ‘ব্যাডস অফ বলিউড’ ওয়েব সিরিজে তাঁকে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছে।
শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব মানহানির মামলাটি খারিজ করে দেন। আদালত সরাসরি বলেন, ‘আপনার আবেদন গ্রহণযোগ্য নয়। আমি মামলার আবেদনটি খারিজ করছি।’
ওয়াংখেড়ের পক্ষে তাঁর আইনজীবী সন্দীপ শেঠি যুক্তি দেন, ‘এই ওয়েব সিরিজ সারা দেশে, দিল্লি-সহ একাধিক শহরে দেখানো হচ্ছে। এমনকী অভিযোগকারীর বিরুদ্ধে বানানো মিমও দিল্লির মানুষ দেখছেন।’ কিন্তু আদালত এ অভিযোগ মানতে নারাজ।
আদালত তার পর্যবেক্ষণ বলেছেন, যদি অভিযোগকারী দেখাতে পারতেন যে দিল্লিতে তাঁর প্রচুর ক্ষতি হয়েছে, তবে বিষয়টি বিবেচনা করা যেত। যেহেতু অভিযোগটি যথাযত না, সেইজন্য ফের নতুন করে মামলা সংশোধন করে দাখিল হলে রেজিস্ট্রি নতুন করে তালিকাভুক্ত করবে।
শুনানি শেষে ওয়াংখেড়ের আইনজীবী মামলার আবেদন সংশোধনের জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন। ওয়াংখেড়ের মামলার ভবিষ্যৎ এখন নির্ভর করছে তাঁর সংশোধিত আবেদনের ওপর।