সম্প্রীতি শুধু শব্দ নয়, এটি একটি চর্চা: সুপ্রদীপ চাকমা
সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘সম্প্রীতি’ শুধু একটি শব্দ নয়, এটি একটি চর্চা—যা আমাদের সমাজকে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিয়ে যায়। তিনি সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা, জীবিকা উন্নয়ন এবং পরিবেশ উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। সরকারি বাজেট বরাদ্দের শতভাগ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার বিষয়ে আমি আপসহীন। এবারের বাজেটের ৪০ শতাংশ অর্থ আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, হলুদ ও আদা গ্রাইন্ডিং মেশিন দিয়ে ড্রাই এবং প্যাকেটজাতকরণ এবং কাঁঠালকে চিপস বা পাউডারে রূপান্তর করে শুকনো খাবার হিসেবে প্যাকেজিংয়ের ব্যবস্থা করতে হবে। তিনি সকল সম্প্রদায়ের সহযোগিতায় দেশের মূলধারার সঙ্গে একীভূত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবর দান উৎসবকে সামনে রেখে আয়োজিত এ শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি সভাটি পরিচালনা করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, মাটিরাঙা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, ৪০ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল শাহিনুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।