রাজধানীতে বাসায় ফেরার পথে গার্মেন্টসকর্মী খুন

রাজধানীতে বাসায় ফেরার পথে গার্মেন্টসকর্মী খুন

প্রতিকি ছবি

রাজধানীর পল্লবীতে বাসায় ফেরার পথে খুন হয়েছেন রিফাত (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিক। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর শালদো গ্রামের সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুর ১২ নম্বর এলাকায় ভাড়া থাকতেন।

রিফাতের মা ফাতেমা খাতুন জানান, বিকেলে বাসায় ফেরার পথে পল্লবী থানার সামনে তিন থেকে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।