ঢাকাকে ছুঁইল চট্টগ্রাম রাজশাহীকে হারিয়ে
সংগ্রহীত ছবি
এনসিএল টি-টোয়েন্টিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে চট্টগ্রাম বিভাগ। ৩০ রানে রাজশাহী বিভাগকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা।
সিলেট একাডেমি গ্রাউন্ডে পাওয়া জয়ে ঢাকা বিভাগকে ছুঁয়ে ফেলেছে চট্টগ্রাম। সমান তিন ম্যাচে সমান ৫ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় ঢাকায় অবশ্য শীর্ষে আছে।
প্রথমে ব্যাটিং করে মমিনুল হক ও শাহাদাত হোসেন দীপুর সমান ৪৫ রানের দুটি ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম। দলীয় ১৫ রানে মাহমুদুল হাসান জয় (৬) আউট হওয়ার দলের হাল ধরেন তারা। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন তারা।
৬ চারে ৪৫ রানের ইনিংস খেলে বাঁহাতি ওপেনার মমিনুল আউট হলে ভেঙে যায় তাদের জুটি।
দলীয় খাতায় ৬ রান যোগ হতেই ফিরে যান শাহাদাতও। সতীর্থর মতোই সমান ৪৫ রানে। তার ইনিংসটিতে ২ ছক্কার বিপরীতে আছে ৪ চার। প্রতিপক্ষের হয়ে দুটি করে উইকেট নেন এস এম মেহেরব হাসান ও আসাদুজ্জামান পায়েল।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১২ রানে বিদায় নেন হাবিবুর রহমান সোহান (৮)। দ্বিতীয় উইকেটে অবশ্য ৪৬ রানের জুটি গড়ে ধাক্কা সামলান নাজমুল হোসেন শান্ত (২১) ও সাব্বির হোসেন (২১)। তবে দলীয় ৫৮ রানে দুজনই বিদায় নিলে ম্যাচে ফেরা আর হয়নি।
উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। অবশ্য অলআউট হয়নি।
নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১২৫ রানে থেমেছে শান্তর দল। শেষ দিকে দলের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধানটা ৩০ রানে নিয়ে আসেন প্রীতম কুমার। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ রুবেল।