একাকিত্ব ঘোচাতে ৭৫ বছরে বিয়ে, পরদিনই মৃত্যু
ছবি: সংগৃহীত
স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব ভর করেছিল তার জীবনে। সেই শূন্যতা কাটাতে ফের বিয়ের সিদ্ধান্ত নেন ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা সাংগুরাম। বয়স ৭৫ হলেও আশ্রয় ও সাহচর্যের খোঁজে সোমবার বিয়ে করেন ৩৫ বছর বয়সী এক নারীকে। তবে সুখের সেই নতুন যাত্রা একদিনও স্থায়ী হলো না। বিয়ের পরদিনই না ফেরার দেশে চলে যান সাংগুরাম।
জানা গেছে, বছর খানেক আগে সাংগুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান সাংগুরাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। একা থাকার কষ্টই তাকে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। আত্মীয়স্বজনরা বিয়ে না করতে অনেক পরামর্শ দিলেও কারও কথা শোনেননি তিনি।
একপর্যায়ে সোমবার জালালপুর এলাকার ৩৫ বছর বয়সী নারী মানভাবতীকে বিয়ে করেন। প্রথমে আদালতে রেজিস্ট্রি হয় তাদের বিয়ে, পরে স্থানীয় এক মন্দিরে ধর্মীয় আচার মেনে বিয়ে সম্পন্ন হয়।
মানভাবতীরও আগে বিয়ে হয়েছিল। ওই সংসারে তার দুটি সন্তানও আছে। সাংগুরাম তাদের দায়িত্ব নেবেন বলে মানভাবতীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মানভাবতীর ভাষ্য, বিয়ের রাতে দুজনেই গল্পে সময় কাটান। তবে মঙ্গলবার সকালে হঠাৎ সাংগুরামের শরীর খারাপ হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংগুরামের এমন মৃত্যুকে কেন্দ্র করে গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটিকে স্বাভাবিক মৃত্যু বললেও আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন।
সাংগুরামের আত্মীয়রা তার শেষকৃত্য সম্পন্নের কাজে বাধা দেন। দিল্লিতে থাকা ভাতিজারা আসার পর তাদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্নের দাবি করেন তারা। একইসঙ্গে মরদেহ ময়নাতদন্তেরও দাবি জানান অনেকে।
তবে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ জানায়।