পাথরবোঝাই ট্রাকে মিলল ভারতীয় জিরা ও ফুচকা

পাথরবোঝাই ট্রাকে মিলল ভারতীয় জিরা ও ফুচকা

সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। 

বুধবার (০১ অক্টোবর) ভোররাতে উপজেলার নোয়াহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির একটি চৌকস টহল দল। 

এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে পাথরের নিচে লুকানো অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮২ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিশেষ কৌশলে পাথরের নিচে পণ্য লুকিয়ে পাচারের চেষ্টা করছিল। উদ্ধারকৃত জিরা ও ফুচকা ভারত থেকে অবৈধ পথে এনে দেশের বিভিন্ন স্থানে পাচারের পরিকল্পনা ছিল।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান ও মাদক প্রতিরোধে কাজ করছে। সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আটক ট্রাকসহ বিপুল পরিমাণ পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।