বাড্ডা থানার নতুন ওসি হাবিবুর রহমান

বাড্ডা থানার নতুন ওসি হাবিবুর রহমান

ফাইল ছবি

রাজধানীর বাড্ডা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্ব পালনকারী পুলিশের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় বাড্ডা থানার এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ওই থানার তৎকালীন ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার এসআই মোবাশ্বির, একজন এএসআই এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় ওসি সাইফুল ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে।

গুলশান বিভাগ ও ডিএমপি সদর দপ্তরের সূত্র জানায়, বাড্ডার নিমতলির ওই মন্দির এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের থাকার জন্য মন্দিরের ভেতরের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমিয়ে থাকা চারজন পুলিশ সদস্য ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। চুরি হওয়া ব্যাগগুলোর একটিতে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি।

পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দিরের পাশে একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। ব্যাগে থাকা গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়।