মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত
ফাইল ছবি
শরীয়তপুর ঢাকা মহাসড়কে নড়িয়া উপজেলার রাজনগর জামতলা নামক স্থানে মিনি ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মুন্নুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটায় দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুন্নুর রহমান মাগুরা জেলার শ্রী নগর টুপি পাড়া গ্রামের মোছলেম মোল্লার ছেলে। তিনি শরীয়তপুরের ডামুড্যায় রিক নামের একটি এনজিওর কর্মকর্তা। তিনি মাগুরা থেকে রওনা হয়ে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের ডামুড্যায় দিকে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শরীয়তপুরের ডামুড্যার দিকে যাচ্ছিলেন। নড়িয়ার জামতলা নামক বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে স্থানীয় ডিগ্রি বাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মামলা প্রক্রিয়াধীন।