কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা লিয়াকত

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা লিয়াকত

সংগ্রহীত ছবি

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের লিংকরোডের বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা লিয়াকত আলী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

বিএনপি নেতা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ঘরে ঢুকে লিয়াকতকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন লিয়াকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে (লিয়াকত) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হত্যার উদ্দেশ্যে লিয়াকতকে গুলি করা হয়েছে দাবি করে কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ নুর বলেন, লিয়াকত আলী লিংকরোড এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবদুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা লিয়াকতকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে গুলি করেছে।

ঘটনার পরপর শহর ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। লিয়াকতের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মো. ইলিয়াস খান বলেন, বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে আবদুল খালেকের বিরোধ রয়েছে।

দুজন পাল্টাপাল্টি মামলার আসামি। দুর্বৃত্তের গুলিতে আবদুল খালেকের স্ত্রী খুন হয়েছিলেন। লিয়াকত আলীকে গুলির ঘটনার পেছনে অন্যকিছু আছে কি না, পুলিশ অনুসন্ধান করছে। ঘটনার পরপর পুলিশ বিসিক এলাকায় পৌঁছে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। তবে রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, মামলাও হয়নি।

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবেদীন বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে লিয়াকতকে গুলি করার পাশাপাশি ঘরের এক নিরাপত্তাকর্মীর পায়ের রগ কেটে দিয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিয়াকত আলীকে গুলি করে হত্যার প্রতিবাদে স্থানীয় বিএনপি-যুবদলের নেতা-কর্মীরা রাত ৯টার দিকে লিংকরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।