হাফেজ আবু হানিফের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
সংগৃহীত
সম্প্রতি খুন হওয়ায় মোহাম্মদপুরের বাসিন্দা হাফেজ আবু হানিফ হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা।
রোববার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদপুর ও ধানমন্ডিবাসীর ব্যনারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এমন দাবি তোলা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, আবু হানিফ গাজীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ হত্যা কোনোভাবেই কাম্য নয়। আমরা তার হত্যার বিচার চাই পাশাপাশি তার অসহায় পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি জানান বক্তারা।
সুষ্ঠু তদন্ত করে স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
আবু হানিফ গাজীর মা বলেন, আমার সন্তানের হত্যার বিচার চাই আর কিছু আমি চাই না। দ্রুত সময়ের মধ্যে খুনিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
আবু হানিফ গাজীর স্ত্রী বলেন, আমার দুটি সন্তান নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি আমার স্বামীর বিচারের দাবিতে।
সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার তা নষ্ট করার অধিকার কারো নেই। যেহেতু এখন অন্তবর্তী সরকার এ সরকারের দায়িত্ব এই মৌলিক অধিকার রক্ষা করা। সরকারের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের খুঁজে বের করা বিচার করার জোর দাবি জানাই।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে আবু হানিফ মোহাম্মদপুরের নিজ ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে লাশ বরিশালের মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের চরনাজীরপুর গ্রামে দাফন করা হয়।
মানববন্ধনে তার জন্মস্থান নাজিরপুরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।